WORKTRUSTBD.COM

ট্রাস্ট ও সেফটি

আপনার টাকা এসক্রোতে কীভাবে সুরক্ষিত থাকে, পরিচয় কীভাবে যাচাই হয়, ট্রাস্ট-স্কোর কী দেখায়, সমস্যা হলে কী হয় এবং নিজের সুরক্ষায় আপনি কী করবেন — সহজ ভাষায় এখানে লেখা আছে।

১. এসক্রো কীভাবে কাজ করে

টাকা সরানোর ধাপগুলো (ফান্ড, ছাড় ও ফেরত) সার্ভারের মাধ্যমে চলে, এবং সময় ও অবস্থা সার্ভার নিজে যাচাই করে।

  • চ্যাটে আলোচনার পর বাজেট, সময়সীমা ও মাইলস্টোনসহ অফার পাঠানো হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া না পেলে অফার বাতিল হয়।
  • ডিল চালু হলে ক্লায়েন্টের ওয়ালেটে ডিলের বাজেটের সমান টাকা আটকে (লক) থাকে। ওয়ালেটে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে ডিল চালু হয় না।
  • কাজ শুরুর আগে ক্লায়েন্ট প্রতিটি মাইলস্টোন ফান্ড করেন। তখন ওই অংশের টাকা এসক্রোতে চলে যায়; সেবাদাতা তা এখনো পান না।
  • সেবাদাতা প্রমাণ (লিংক বা নোট) দিয়ে কাজ জমা দেন।
  • ক্লায়েন্ট গ্রহণ করলে ওই মাইলস্টোনের টাকা সাথে সাথে সেবাদাতার ওয়ালেটে যায়। প্রত্যাখ্যান বা সংশোধন চাইলে ক্লায়েন্টকে কারণ লিখতে হয়, আর মাইলস্টোনটি আবার কাজের অপেক্ষায় ফিরে যায়।
  • সব মাইলস্টোনের টাকা ছাড় হলে ডিল সম্পন্ন হয়।

২. সময়, সময় বাড়ানো ও বাতিল

  • ডেডলাইনের পর ২৪ ঘণ্টা অতিরিক্ত সময় থাকে। এরপরও কাজ শেষ না হলে ডিল "বিলম্বিত" হিসেবে চিহ্নিত হতে পারে।
  • পারস্পরিক সম্মতিতে সময় সর্বোচ্চ ৩ বার বাড়ানো যায়। একজন অনুরোধ করেন, অন্য পক্ষ অনুমোদন বা প্রত্যাখ্যান করেন। একবার বাড়ানোর পর আবার অনুরোধ করতে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়।
  • মাইলস্টোন ফান্ড হওয়ার পর সেবাদাতা নির্ধারিত সময়ের মধ্যে কাজ জমা না দিলে ওই মাইলস্টোনের টাকা ক্লায়েন্টের ওয়ালেটে ফেরত যেতে পারে। এই সময়সীমা ডিলের সময় অনুযায়ী ঠিক হয়, তবে ফান্ডের পর সর্বোচ্চ ৭ দিন।
  • কোনো মাইলস্টোনের পেমেন্ট শুরু হওয়ার আগে অন্য পক্ষের সম্মতিতে ডিল বাতিল করা যায়। পেমেন্ট শুরু হয়ে গেলে বাতিলের বদলে বিবাদ তুলতে হয়।

৩. বিবাদ ও রিফান্ড

  • সম্পন্ন বা বাতিল হয়নি এমন ডিলে যেকোনো পক্ষ কারণ লিখে বিবাদ তুলতে পারেন।
  • অ্যাডমিন উভয় পক্ষের প্রমাণ ও চ্যাট দেখে সিদ্ধান্ত নেন। ফান্ড করা ও রিভিউ-অবস্থার মাইলস্টোনের টাকা হয় সেবাদাতাকে ছাড় করা হয়, নয়তো ক্লায়েন্টকে ফেরত দেওয়া হয়।
  • সিদ্ধান্ত হলে দুই পক্ষই নোটিফিকেশন পান।
  • বিবাদ চলাকালে সময় বাড়ানো ও ডিল বাতিলের অনুরোধ বন্ধ থাকে।
  • বিবাদ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা আমরা এখন ঘোষণা করছি না।

৪. পরিচয় যাচাই

  • এনআইডি বা জন্মনিবন্ধনের নম্বর ও ছবি এবং ফেস যাচাইয়ের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়।
  • জমা দেওয়ার সময় একই নম্বর দিয়ে আগে থেকে অন্য রেকর্ড আছে কি না মেলানো হয়। মিললে সেটি "সম্ভাব্য ডুপ্লিকেট" হিসেবে চিহ্নিত হয়ে অ্যাডমিনের পর্যালোচনায় যায়।
  • ভেরিফাইড ব্যাজ অ্যাডমিন যাচাইয়ের পর দেওয়া হয়। এই ব্যাজ মানে শুধু পরিচয় যাচাই হয়েছে, দক্ষতা বা কাজের মানের নিশ্চয়তা নয়।
  • ওয়ালেট, ডিল, ডিপোজিট ও উত্তোলনের জন্য ভেরিফিকেশন লাগে।

৫. ট্রাস্ট-স্কোর

প্রোফাইল কার্ডে ০ থেকে ১০০-এর একটি ট্রাস্ট-স্কোর দেখানো হয়। স্কোর সার্ভার হিসাব করে; ব্যবহারকারী নিজে তা বদলাতে পারেন না। স্কোরে এগুলো ধরা হয়:

  • পরিচয় যাচাই: অ্যাডমিন-যাচাইকৃত পরিচয়, ফেস যাচাই ও যাচাইকৃত ইমেইল।
  • সম্পন্ন ডিল: কতজন ভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল সম্পন্ন হয়েছে। একই ক্লায়েন্টের সাথে বারবার ডিল করলে বাড়তি পয়েন্ট বাড়ে না। ডিল গোনার কিছু ন্যূনতম শর্তও আছে (যেমন ক্লায়েন্ট যাচাইকৃত হওয়া ও ডিলের ন্যূনতম পরিমাণ)।
  • রিভিউ: রিভিউয়ের গড় রেটিং। অল্প কয়েকটি রিভিউয়ে স্কোর যেন হঠাৎ অতিরিক্ত বেড়ে বা কমে না যায়, সেজন্য হিসাব সামঞ্জস্য করা হয়।
  • আচরণ: যে বিবাদে টাকা ক্লায়েন্টকে ফেরত গেছে, তা স্কোর কমায়। শুধু বিবাদ খোলা হলেই স্কোর কমে না।
  • অ্যাকাউন্টের বয়স: পুরনো অ্যাকাউন্ট কিছু বাড়তি পয়েন্ট পায়।

৬. স্কোর সম্পর্কে মনে রাখুন

যিনি ৩টির কম ভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল সম্পন্ন করেছেন, তাঁর প্রোফাইলে "নতুন সেলার" ট্যাগ দেখানো হতে পারে।

স্কোর একটি সহায়ক সংকেত মাত্র, কাজের মান বা ফলাফলের নিশ্চয়তা নয়। রিভিউ, সনদ ও ভেরিফিকেশন স্ট্যাটাসও দেখে সিদ্ধান্ত নিন।

৭. নিজের সুরক্ষায় যা করবেন

  • প্ল্যাটফর্মের বাইরে আগে টাকা পাঠাবেন না। বাইরে লেনদেন করলে এসক্রোর সুরক্ষা প্রযোজ্য হয় না।
  • কাজের শর্ত, মাইলস্টোন ও সময়সীমা চ্যাটে ও ডিলে লিখিত রাখুন; বিবাদে এগুলো কাজে লাগে।
  • পাসওয়ার্ড, পিন ও ওটিপি কাউকে দেবেন না।
  • কেউ প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যেতে চাইলে, অস্বাভাবিক তাড়া দিলে বা কিছু সন্দেহজনক মনে হলে অ্যাপের সহায়তা অংশ থেকে রিপোর্ট করুন, অথবা সরাসরি আমাদের জানান।

৮. শেখার কোর্স: ভর্তি, রিফান্ড, সনদ ও রিভিউ

কোর্সে ভর্তির আগে বর্ণনা, প্রিভিউ-পাঠ এবং শিক্ষকের রিভিউ ও ভেরিফিকেশন স্ট্যাটাস দেখে নিন।

  • ভর্তির টাকা এসক্রোতে থাকে। রিফান্ড-উইন্ডো শেষ হলে বা নির্ধারিত ধাপ পূর্ণ হলে তা শিক্ষকের কাছে যায়। সমস্যা হলে উইন্ডোর মধ্যে রিফান্ড চাইতে বা বিরোধ জানাতে পারেন।
  • বিরোধে কারণ বেছে (যেমন কনটেন্ট বর্ণনার মতো নয়, শিক্ষক সাড়া দেন না, লিংক কাজ করে না) নোট ও প্রমাণের ছবি দিতে হয়। অ্যাডমিন দুই পক্ষের কথা ও প্রমাণ দেখে টাকা ফেরত বা ছাড় করেন।
  • শিক্ষক হতে পরিচয় (KYC) যাচাই করা এবং অ্যাকাউন্ট একটি ন্যূনতম সময়ের পুরোনো হতে হয়। শিক্ষকের প্রথম কয়েকটি কোর্স অ্যাডমিন পুরোটা দেখে অনুমোদন দেন।
  • কোর্সে চাকরি, আয় বা নির্দিষ্ট সময়ে ফলের নিশ্চয়তা দেওয়া নিষিদ্ধ। এমন দাবি দেখলে অ্যাডমিন কোর্স ফেরত দিতে বা সরাতে পারেন; আপনিও রিপোর্ট করতে পারেন।
  • রিভিউ দিতে পারেন শুধু কোর্সে ভর্তি-হওয়া শিক্ষার্থী, কোর্সের নির্দিষ্ট অংশ শেষ করার পর। শিক্ষক নিজের কোর্সে রিভিউ দিতে পারেন না।
  • শিক্ষক চাইলে অগ্রগতি দেখে সনদ দেন। এটি শুধু শিক্ষকের নিজের প্রত্যয়ন; WorkTrustBD সনদ যাচাই করে না এবং চাকরি, আয় বা দক্ষতার কোনো নিশ্চয়তা দেয় না। অপব্যবহার হলে অ্যাডমিন সনদ প্রত্যাহার করতে পারেন।

৯. যোগাযোগ

সমস্যা, অভিযোগ বা প্রশ্নে ইমেইল করুন: [email protected]। অথবা WhatsApp-এ লিখুন: +880 1891 696262।

ক্যাটাগরি অনুযায়ী কাজ খুঁজুন বা ফ্রিল্যান্সার নিয়োগ দিন

গাইড